দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২১ | ০৩:১১
ঈদের দিন শুক্রবার দুর্গম পার্বত্য সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবি সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পবিত্র দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
বিজিবি মহাপরিচালক কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় ‘দুমদুমিয়া সিআইও ক্যাম্প’ এবং রাজনগর ব্যাটালিয়নের অধীনস্থ ‘বদিপাড়া বিওপি’ পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
করোনা মহামারির এই কঠিন সময়ে নিজ পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ না করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ়করণ এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করার জন্য তিনি এ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি বিজিবি সদস্যদের অভিনন্দন জানান। সেখানে তিনি গাছের চারা রোপন করেন।
বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবি রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিজিবি মহাপরিচালক
- বিজিবি
