ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিশু-ছাত্রী-গৃহবধূসহ ধর্ষণের শিকার ৫

শিশু-ছাত্রী-গৃহবধূসহ ধর্ষণের শিকার ৫
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ১০:০৪

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রী, ফরিদপুরের বোয়ালমারীতে শিশু, নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গার্মেন্ট কর্মী এবং হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূ গণধর্ষনের শিকার হয়েছে। এছাড়া চট্টগ্রামে সাংবাদিক বানানোর আশ্বাসে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। 

সমকাল ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম: অনলাইন টেলিভিশনের সাংবাদিক বানানোর আশ্বাস দিয়ে এক তরুণীকে অফিসে এনে সাতমাস ধরে প্রতিদিন ধর্ষণ করা হয়েছে। ওই তরুণী এখন সাতমাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত রোববার থানায় মামলা হয়েছে। পুলিশ সোমবার রাতে পাহাড়তলী থানার হাজীক্যাম্প এলাকা থেকে অভিযুক্ত শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে। শহীদুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অনলাইনভিত্তিক টেলিভিশন 'এসটিভি২৪নিউজবিডি'র মালিক দাবি করেন।

পাহাড়তলী থানার ওসি মো. মঈনুর রহমান জানান, হাজীক্যাম্প এলাকায় কথিত অনলাইন টেলিভিশনের কার্যালয় খুলে একটি কক্ষে মাদক সেবন এবং অসামাজিক কাজে লিপ্ত ছিলেন শহীদুল। সাংবাদিক বানানোর কথা বলে বিভিন্ন বয়সী মেয়েদের এনে জিম্মি করেন। তাকে গ্রেফতারের পর আরও কয়েক নারীর কাছ থেকে একই অভিযোগ পাওয়া গেছে।

কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকায় ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী দুইমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পরিবারের অভিযোগ, ফয়সাল নামের এক যুবক মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। অভিযুক্ত ফয়সাল মাওনা পিয়ার আলী ডিক্রি কলেজের ছাত্র। 

মৌচাক ইউপি চেয়ারম্যান মো. লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনাটি মেয়ের বাবা তাকে জানিয়েছে। তিনি তাকে আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাড়ি ইনর্চাজ জামাল উদ্দিন বলেন, কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গার্মেন্ট কর্মীকে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রূপগঞ্জের কর্মক্ষেত্র থেকে ফেরার পথে সিএনজি অটোরিকশায় উঠলে তাকে জোর করে সহযাত্রী ও চালক মিলে ব্রাম্মনবাওগা গ্রামের এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ৭ জনকে আসামি করে ওই গার্মেন্ট কর্মী বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হচ্ছেন, ব্রাম্মনবাওগা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু সাইদ, রেহাজউদ্দিনের ছেলে ইমরান, নবি হোসেনের ছেলে রনি, আবু সিদ্দিকের ছেলে আবুল হোসেন, ভট্টু মিয়ার ছেলে মাসুদ, আমির হোসেনের ছেলে আরিফ ও সামসুল হকের ছেলে জাহাঙ্গীর। 

তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। আরিফ ও জাহাঙ্গীর নামে দুই আসামি পলাতক রয়েছে।

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলজোড়া গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এ ঘটনার পর ওই শিশুর মা বাদি হয়ে শিফাত শরীফ (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিফাত ধুলজোড়া গ্রামের দাউদ শরীফের ছেলে। এ সময় ওই শিশুর মা বাবা বাড়িতে ছিল না। 

ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল বলেন, প্রাথমিকভাবে ঘটনা সত্য বলে মনে হয়েছে। এ ব্যাপারে থানা পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে মিষ্টির দোকানে কাজ করতে এসে এক গৃহবধূ গণধর্ষনের শিকার হয়েছেন। শুধু তাই নয় ধর্ষণের পর কারো কাছে মুখ না খোলার জন্য মারপিটসহ ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের গাইনি ওয়ার্ডে মঙ্গলবার রাতে ওই নারী জানান, তার বাড়ি দিরাইয়ের ইসলামপুরে। দুই বছর আগে স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ায় ৩ কন্যা সন্তান নিয়ে মানুষের বাসাবাড়ি ও দোকানে কাজ করে চলছিলেন। নবীগঞ্জ গোলচত্তর এলাকায় মাধুরী মিষ্টান্ন ভান্ডারে দৈনিক হাজিরায় কাজ নেন। গত শনিবার কাজের এক ফাঁকে দোকানের পিছনে একটি রুমে নিয়ে তার মুখ গামছা দিয়ে বেধে দোকানের মালিক ঝন্ডু পাল, কারিগর নিপেশ দাস ও কর্মচারি সুমন রায় তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছিল। পরে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বিষয়টি সমাধানের কথা বলে তাদের ছাড়িয়ে নিয়ে যান।

আরও পড়ুন

×