আবরার হত্যার বিচার দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
আবরার হত্যার বিচার দাবিতে বুধবার মানববন্ধন করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা— সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০২:৪৭ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ | ০২:৫৭
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের দু’পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল আবরার হত্যার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি সংবলিত প্ল্যাকার্ড।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম রসুল বলেন, 'দেশের সব থেকে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হন বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে। আর সেখানেও যদি নিজের বাক স্বাধীনতা প্রকাশের জন্য কাউকে খুন হতে হয়, তাহলে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের জন্য নিরাপদ নয়।'
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রবীন্দ্রনাথ বাপ্পি বলেন, 'এ হত্যাকাণ্ড আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনই মেনে নিতে পারি না। আমরা এই হত্যায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।'

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং নিহত আবরারের আত্মার শান্তি কামনা করেন।
প্রসঙ্গত, গত রোববার রাত তিনটায় বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাপিটিয়ে হত্যা করেছে আবরারকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
