ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ডেঙ্গুতে খুলনায় আরও এক নারীর মৃত্যু, নতুন রোগী ২৫৪

ডেঙ্গুতে খুলনায় আরও এক নারীর মৃত্যু, নতুন রোগী ২৫৪
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ১০:৪৯

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও কমেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৬১ জন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত ৯০ হাজার ৭৯৯ জন।

আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর ঘটনা থেমে নেই। বুধবার খুলনায় এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারালেন ২৪৩ জন। তবে ১৩৬ জনের মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। বাকিদের মৃত্যু অন্য কারণে বলে দাবি সংস্থাটির। যদিও বিশেষজ্ঞরা এ নিয়ে প্রশ্ন তুলে আসছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, মঙ্গলবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় ২৫৪ জন নতুন রোগী ভর্তি হন, যা গত জুলাই-আগস্টে ডেঙ্গুর বিস্তার ছড়িয়ে পড়ার পর একদিনের হিসাবে সর্বনিম্ন। যথারীতি ঢাকার চেয়ে মফস্বলে নতুন রোগীর সংখ্যা বেশি। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তি আছেন এক হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৬৬ জন।

খুলনা ব্যুরো জানায়, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বুধবার মারা গেছেন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মতি রাসেলের স্ত্রী রাফি বেগম (৪৫)। মঙ্গলবার রাত ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

বুধবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ১১ নারীসহ ১৯ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×