কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুললেই ব্যবস্থা: জবি উপাচার্য
মানববন্ধনে বক্তব্য রাখছেন জবি উপাচার্য- সমকাল
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ১২:২৫ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ | ২৩:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষার্থীর গায়ে অন্য কোনো শিক্ষার্থী হাত তুললেই অভিযোগ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বুধবার আবরার হত্যাকাণ্ডের ঘটনায় জবি শিক্ষক সমিতির মানববন্ধনে তিনি একথা বলেন।
এসময় উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে। সামান্য ফেসবুক স্ট্যাটাসের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মেধাবী শিক্ষার্থী আবরারকে জীবন দিতে হল। এটা অনেক বড় অন্যায়।
তিনি বলেন, 'এই হত্যার জন্য বুয়েটের ভিসি, হলের প্রোভোস্টের দায়িত্ব অবহেলার কারণেও হতে পারে। এমন হত্যাকাণ্ড থেকে সবাইকে সচেতন হতে হবে।' এসময় তিনি আবরার হত্যার দ্রুত বিচার দাবি করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নুর মোহাম্মাদ এর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো সেলিম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলী, মাইক্রোবায়েলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর ড. মোস্তফা কামাল প্রমুখ।
