হাবের বার্ষিক সাধারণ সভায় হাতাহাতি-হামলা
হাবের বার্ষিক সাধারণ সভা, ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০১:৫৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০১:৫৩
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হইচই, হাতাহাতি ও হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাজধানীর পুলিশ কনভেনশন হলে হাবের ১৬, ১৭ ও ১৮তম এজিএম অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের বক্তব্য দেওয়ার সময় এক সদস্য কথা বলতে দাঁড়িয়ে যান। এ সময় সভাপতি তাকে পরে কথা বলার সুযোগ দেওয়া হবে বলে জানালেও তিনি কথা চালিয়ে যেতে থাকেন। তখন দর্শক সারিতে থাকা কয়েকজন তাকে বাধা দেন। কথা বলতে চাওয়া হাব সদস্যের সমর্থনেও কয়েকজন কথা বলা শুরু করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে।
এ সময় সাবেক কার্যনির্বাহী সদস্য ও আল নাফি ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মো. নাজিম উদ্দিন ভিডিও করতে গেলে তার ওপর হামলা হয়। তাকে কিছু ব্যক্তি অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে মারধর করেন। হামলার শিকার নাজিম রমনা থানায় এ বিষয়ে অভিযোগ করেন।
তার অভিযোগ, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের প্ররোচনায় বহিরাগত আশরাফুল হাসান লিনাজ ও রাসেলসহ কয়েকজন যুবক তার ওপর হামলা করেছেন। কয়েক দফা হইচই ও হাতাহাতির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ঘটনাটি কাঙ্ক্ষিত নয় জানিয়ে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন বলেন, অতীতে হাবের সভায় এভাবে বিশৃঙ্খলা হয়নি।
হাব সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সর্বশেষ ২০১৯ সালের ২৫ মে ১৫তম বার্ষিক সাধারণ সভা হয়েছিল হাবের।
- বিষয় :
- হাব
- হামলা
- সাধারণ সভা
