যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান
জেনারেল আজিজ আহমেদ- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ০৯:৩২ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ | ১০:০৪
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে ষষ্ঠ সাঁজোয়া কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এ কথা বলেন। খবর বাসসের
তিনি বলেন, 'স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী প্রতিষ্ঠিত। শান্তি মিশনে আমাদের সদস্যরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে।' হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনী সাঁজোয়া কোরের সদস্যরা 'প্রাণ দেব, মান নয়' মূলমন্ত্রে উজ্জীবিত। এই কোরের সদস্যরা দেশের অভ্যন্তরীণ যে কোনো দুর্যোগময় মুহূর্তে ও জাতিসংঘে শান্তি রক্ষা মিশনে দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করেছে।
জেনারেল আজিজ আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই কোরের সদস্যরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আরও যুগোপযোগী ও আধুনিক হয়ে গড়ে উঠবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে তিনি ষষ্ঠ সাঁজোয়া কোর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আর্মার্ড কোরের অবসরপ্রাপ্ত ও চাকরিরত কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা এসেছে মিয়ানমার থেকে। তাদের সীমিত জায়গার মাঝে রাখা হয়েছে। তারা অবৈধভাবে বিদেশসহ বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই সাতটি ক্যাম্প সুরক্ষা, তাদের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য সেনাবিাহিনী কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। নিরাপত্তা দেওয়াসহ তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।
- বিষয় :
- জেনারেল আজিজ আহমেদ
- সেনাবাহিনী প্রধান
