অসুস্থ রওশন এরশাদ এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে
এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১ | ১০:০৭ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১ | ১০:৪১
গুরুতর অসুস্থ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকে নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় ব্যাংককে অবতরণ করে। সেখান থেকে তাকে বানরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো. মামুন সমকালকে এ তথ্য জানিয়েছেন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে গেছেন তার ছেলে রংপুর-৩ আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। বিরোধীদলী নেতার সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ৭৮ বছর বয়সী রওশন এরশাদ গত ১৪ আগস্ট থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে একপর্যায়ে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। মাঝে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০ অক্টোবর তাকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার পর্যন্ত সেখানেই ছিলেন।
রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ফুসফুসের সংক্রমণে ভুগছেন। তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। তার ফুসফুসে স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড জমা হয়েছে যা স্বাভাবিকভাবে নিঃসরণ করতে পারছেন না।
- বিষয় :
- রওশন এরশাদ
- ব্যাংকক
- হাসপাতাল
- এয়ার অ্যাম্বুলেন্স
