পায়ুপথে ৩ কোটি টাকার স্বর্ণ বহন
জব্দ স্বর্ণের ওজন ৫ কেজি ১৫৫ গ্রাম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১ | ১০:৫১ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১ | ১০:৫১
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় তিন কোটি টাকার পেস্ট-সদৃশ স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিভাগ। কর্মকর্তারা জানান, পাচারের উদ্দেশ্যে এসব স্বর্ণ জীবনের ঝুঁকি নিয়ে অভিনব পন্থায় পায়ুপথে, শরীরের বিভিন্ন স্থানে এবং লাগেজে লুকিয়ে বহন করেন তারা।
জব্দ স্বর্ণের ওজন ৫ কেজি ১৫৫ গ্রাম। বিমানের বিজি-০২৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন অভিযুক্ত দেলোয়ার হোসেন এবং রবি মিয়া। এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গোয়েন্দা কর্মকর্তাদের জানান, তাদের পায়ুপথে এবং শরীরের বিভিন্ন স্থানে লুকানো আছে পেস্ট-সদৃশ স্বর্ণ। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. মাসুদুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে জব্দ স্বর্ণ বিমানবন্দর কাস্টমস গোডাউনে জমা রাখা হয়েছে।