ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লঞ্চে অগ্নিকাণ্ডে দায়ীদের শাস্তির দাবি ১০ সংগঠনের

লঞ্চে অগ্নিকাণ্ডে দায়ীদের শাস্তির দাবি ১০ সংগঠনের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২ | ০৯:৩২ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ | ০৯:৩২

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ী সবার দৃশ্যমান শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ১০টি বেসরকারি সংগঠন। শনিবার এক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনগুলো।

বিবৃতিতে নেতারা বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হওয়া সত্ত্বেও চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গত পাঁচদিনেও ব্যবস্থা নেওয়া হয়নি। এটা হতাশাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ও ব্যাপক হতাহতের ঘটনায় দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টির পর নৌঅধিদপ্তর থেকে লঞ্চটির মালিক, মাস্টার ও চালকদের বিরুদ্ধে নৌআদালতে মামলা করা হয়। মালিক-চালকসহ সংশ্লিষ্টরা গ্রেপ্তারও হন। কিন্তু দায়িত্বহীনতার কারণে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, ওই ঘটনায় নৌমন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দিন ৪ জানুয়ারি নৌপ্রতিমন্ত্রী সাংবাদিকদের স্পষ্টভাবেই বলেছিলেন, ‘প্রতিবেদনে দুর্ঘটনার জন্য যারা দায়ী হবেন, তারা কেউ রেহাই পাবেন না, সকলকেই শাস্তি পেতে হবে।’ 

প্রতিমন্ত্রীর ওই কঠোর হুঁশিয়ারির পরও প্রতিবেদনে উল্লিখিত দায়ী সংশ্লিষ্ট শিপ সার্ভেয়ারসহ নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর কয়েকজন কর্মকর্তা স্বপদে বহাল রয়েছেন। এতে প্রশ্ন উঠেছে, তাহলে অতীতের মতো এবারও কী প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন?

বিবৃতিদাতারা হচ্ছেন- নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) সভাপতি নুরুর রহমান সেলিম, নৌযান শ্রমিক লীগের সভাপতি শেখ ওমর ফারুক, নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সিকদার, সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হানিফ খোকন, সাধারণ সম্পাদক ইনসুর আলী, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের (মেড) নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী এবং পুরনো ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। 

আরও পড়ুন

×