সিনহা হত্যা মামলা: প্রদীপ ও লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ০২:১৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ০২:১৮
কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ ও লিয়াকত আলীর ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে।
মঙ্গলবার দুপুরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায় বলে হাইকোর্ট সূত্রে জানা গেছে।।
গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।মামলার রায়ে দুই জনকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া সাত জনকে খালাস দেওয়া হয়।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়ার শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করেছিল।
