ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাবির যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠনের দাবি

জাবির যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠনের দাবি
×

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৮:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যৌন নিপীড়ন বিরোধী সেল নিপীড়নমূলক উল্লেখ করে তা পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগের সুষ্ঠু তদন্ত, বিচার ও নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত যৌন নিপীড়ন বিরোধী সেলের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের নামে অভিযোগকারীকেই হেনস্তা করার ঘটনা এবং অসহযোগিতা করার ঘটনা বিস্তর অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে এই সেলটি দীর্ঘদিন ধরে নিজেই নিপীড়নমূলক ও নিপীড়কের পক্ষপাতদুষ্ট সেল হিসেবে কাজ করে আসছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যৌন নিপীড়নের বেশিরভাগ ঘটনার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে রাজপথের আন্দোলনের আশ্রয় নিতে হচ্ছে। তাছাড়া যৌন নিপীড়নের ঘটনা রিপোর্ট করতে উদ্বুদ্ধ করতে কিংবা যৌন নিপীড়নের ঘটনার ব্যাপারে সচেতনতামূলক কোন কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে না থাকায় বেশিরভাগ শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের অংশীদার ব্যক্তি যৌন নিপীড়নের সংজ্ঞা, পরিধি ও নিপীড়ন বিরোধী সেলের কার্যক্রম সম্পর্কে অবগত নন। ফলে বেশিরভাগ সময় নারী শিক্ষার্থী তো বটেই ছেলেদের হলগুলোতে গণরুম ও গেস্টরুমে চূড়ান্ত রকম যৌন নিপীড়নের শিকার হয়েও কোন পুরুষ শিক্ষার্থী যৌন নিপীড়ন বিরোধী সেলের শরণাপন্ন হন না।’

যৌন নিপীড়ন বিরোধী সেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিজেদের ও প্রশাসনের যখন যৌন নিপীড়ন বিরোধী অবস্থান না থাকে তখন একটি সেল অকার্যকর ও নিপীড়নের পক্ষে কাজ করার সম্ভাবনা থাকে বলে দাবি করা হয় ছাত্র সংগঠনটির পক্ষ থেকে।

সার্বিক পরিস্থিতিতে সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে যৌন নিপীড়ন বিরোধী সেলে যৌন নিপীড়নের ব্যাপারে সংবেদনশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পুনর্গঠনের দাবি জানানো হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ব্যাপারে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন করার এবং নিপীড়নের ক্ষেত্রে নির্ভয়ে অভিযোগ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে ও সংবেদনশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন

×