আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড
বাংলাদেশের চার ব্রোঞ্জ পদক
আমাদের স্বপ্নকে আরও সুদূর করবে এই সফলতা
সাবিত রহমান
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ০০:৩৯
বিশ্বের ৫৩টি দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সাত দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল চারটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
ব্রোঞ্জ পদকজয়ী শিক্ষার্থীরা হলেন: ফাবিহা মুস্তাকিমা নিহা, আফফান চৌধুরী, প্রান্ত ঘোষ ও সৌহার্দ্য সোপান সিংহ। এ ছাড়া বাংলাদেশ দলের আরেক প্রতিনিধি ছিলেন সুহা আহসান। দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি আল-আমিন পারভেজ এবং যোগাযোগ বিভাগের প্রধান মো. আল-আমিন রাকিব।
বিচারক হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ:
শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি, বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি ফেলো মো. মানসুরুল হক বিজনেস কেস জুরি ক্যাটেগরিতে আন্তর্জাতিক জুরি বোর্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তরুণদের এই অর্জন এবং বিচারক হিসেবে তাঁর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে মানসুরুল হক বলেন, ‘আগামী দিনে আমাদের দেশের তরুণরা আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেবে– এই অর্জন তারই ইঙ্গিত বহন করে। আমি চাইব আমাদের দেশের মেধাবী তরুণরা যেন তাদের জন্মভূমির প্রতি দায়বদ্ধতা অনুভব করে। আন্তর্জাতিক মঞ্চে বিচারকের দায়িত্ব পালন আমাকে সম্মানিত করেছে, যা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রতি নিবেদিত হয়ে কাজ করতে আরও উৎসাহিত করবে।’
দলের সার্বিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা:
প্রতিযোগিতার ধরন এবং বাংলাদেশের সার্বিক অবস্থান সম্পর্কে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি আল-আমিন পারভেজ জানান, ‘বিভিন্ন ধাপে অর্থনীতি, ফিন্যান্সিয়াল লিটারেসি এবং বিজনেস কেসবিষয়ক প্রতিযোগিতামূলক টাস্ক পেরিয়ে বাংলাদেশের জাতীয় দলের সদস্যরা এই ব্রোঞ্জ পদক জয় করেছে। এর পাশাপাশি বাংলাদেশ দল দক্ষিণ এশিয়াতে তৃতীয় এবং বিজনেস কেস কম্পিটিশনে ১৭তম স্থান অর্জন করেছে।’ তিনি আরও বলেন, ‘অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা– এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড তরুণদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান এবং ফিন্যান্সিয়াল লিটারেসির সমৃদ্ধি ও বিস্তারের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে কাজ করে যাচ্ছে। এটি আমাদের সপ্তমবারের মতো আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ। আগামী দিনে স্বর্ণ পদক জয় করাই হবে আমাদের মূল লক্ষ্য।’
আন্দোলন হিসেবে অলিম্পিয়াড
বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান এবং বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। এর মাধ্যমে আমরা অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্ব গঠনের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আন্তর্জাতিক এই অর্জন আমাদের স্বপ্নকে আরও সুদূর করবে এবং অনুপ্রাণিত করবে। v
- বিষয় :
- স্বপ্ন
