রাজশাহী বিশ্ববিদ্যালয়
তারকারাজি, গ্রহ-নক্ষত্রের মেলা
প্রায় ১১শ শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন
অর্পণ ধর
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:৩৬
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) আয়োজিত সেকেন্ড বিএসসিএফ অ্যাস্ট্রোনমি ক্যাম্প ২০২৫-পাওয়ার্ড বাই সিস্টেম। এই ক্যাম্পের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সমকাল। রাজশাহীর বিভিন্ন স্থানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা এ তিন দিন বিজ্ঞানের রহস্যময় জগতে এক অভূতপূর্ব সফরে বেরিয়ে পড়ে। যেখানে তারকারাজি, গ্রহ-নক্ষত্রের গল্প আর বিজ্ঞান শিক্ষার বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে ওঠে। জ্যোতির্বিজ্ঞানের তত্ত্বীয় জ্ঞান, অলিম্পিয়াড, প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে ক্যাম্পটি বিজ্ঞানপ্রেমী যুবসমাজের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে। ক্যাম্পে দুটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সপ্তম থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ৮০০ শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র গ্রুপ এবং একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া ৩০০ শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পের লক্ষ্য ছিল বিজ্ঞানকে শিক্ষার্থীদের জীবনের অংশ করে তোলা। ক্যাম্পটি বিজ্ঞান শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীরা ক্যাম্পে তারকারাজির গল্প শুনেছে এবং নিজেরা স্বপ্ন দেখতে শিখেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি নতুন করে আগ্রহী হয়েছে। প্রথম দিন রাজশাহী নভোথিয়েটারে রেজিস্ট্রেশন, লজিস্টিকস বিতরণ এবং প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্প শুরু হয়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন এবং বিএসসিএফের উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন সামিন ইয়াসার সাদ।
দ্বিতীয় দিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ দিনের অনুষ্ঠানে তত্ত্বীয় সেশন, গ্রুপ ওয়ার্ক এবং প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিনের বিশেষ সেশন অন্তর্ভুক্ত ছিল।
শেষ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিএসসিএফ এবং ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) যৌথ আয়োজনে ‘বিজ্ঞান শিক্ষা: নীতি ও বাস্তবতা’ শীর্ষক প্যানেল আলোচনা হয়।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
