ক্যাম্পাস সংবাদ
বাকৃবির এবারের ক্যারিয়ার কার্নিভাল ছিল ব্যতিক্রমী
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৬
বাকৃবিতে ক্যারিয়ার কার্নিভাল
বছরজুড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা শিক্ষামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হলেও এবারের আয়োজন একটু ব্যতিক্রম ছিল। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তিকে উজ্জীবিত করা, বিশ্বে কর্ম পরিধি সম্পর্কে সচেতন করা এবং উদ্যোক্তা হতে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। সরকারি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সফল হওয়া যায়– এই বার্তা প্রচার করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) নামক স্বেচ্ছাসেবী সংগঠন তৃতীয়বারের মতো ‘ক্যারিয়ার কার্নিভাল’ নামে দুই দিনব্যাপী এই আয়োজন করে। আয়োজনের প্রথম দিন বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করেন। যেখানে চাকরির সিভি তৈরি ও ইন্টারভিউ কৌশল, উদ্যোক্তা ও স্টার্ট-আপ দিকনির্দেশনা, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, সরকারি চাকরির প্রস্তুতি এবং শিল্পক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা শোনার সুযোগ রাখা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল সবচেয়ে চমকপ্রদ। দেশের বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান একসঙ্গে চাকরি মেলা বা জব ফেয়ারের আয়োজন করে। যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে একসঙ্গে সিভি জমা দিয়ে চাকরির জন্য আবেদন করেন। পাশাপাশি তারা নতুন চাকরির অভিজ্ঞতাও অর্জন করেন।
বাউসিসির ফাহিম বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের ভিন্ন এক অভিজ্ঞতা দিচ্ছে। একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার পাশাপাশি চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন যোগ্যতার মানদণ্ডও জানতে পারছি। এ ছাড়া মতবিনিময় সভায় দেশের সফল উদ্যোক্তাদের কথা শুনে নিজের কিছু করার অনুপ্রেরণা পেয়েছি।
বাউসিসি সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল আলম বলেন, শিক্ষার্থীদের সফট স্কিল ও হার্ড স্কিল বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন করা হয়।
জবির ভূগোল বিভাগের ৩ শিক্ষার্থীর গবেষণা ফেলোশিপ অর্জন
নদী ব্যবস্থাপনা, স্থিতিস্থাপকতা (রেজিলিয়েন্স) ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণার জন্য অক্সফাম ও সিসিডিবি গবেষণা ফেলোশিপ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির তিন শিক্ষার্থী।এর মধ্যে হাবিবা মেহজাবিন তপা নেদারল্যান্ডস-অক্সফামের অর্থায়নে পরিচালিত ‘অক্সফাম ইন বাংলাদেশ’র ‘ট্রোসা-টু প্রকল্প’ শিক্ষাবৃত্তি অর্জন করেছেন।
নদীনির্ভর জেলেদের জলবায়ু-ন্যায়বিচার, পরিবেশগত ঝুঁকি, পানি ব্যবস্থাপনা ও জলসম্পদ ব্যবহারের টেকসই পদ্ধতি বিষয়ে তিনি গবেষণা করবেন। তাঁর তত্ত্বাবধায়ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক। একই প্রকল্পের অধীনে নওশিন তাবাসসুম অর্জন করেছেন ‘ট্রোসা-টু: নদী, অধিকার ও স্থিতিস্থাপকতা প্রকল্প’ গবেষণা ফেলোশিপ। তিনি নদী ব্যবস্থাপনা, নদীনির্ভর জনগোষ্ঠীর অধিকার ও তাদের স্থিতিস্থাপকতা সংক্রান্ত গবেষণা পরিচালনা করবেন।
এ ছাড়া সহযোগী অধ্যাপক ড. রিফাত মাহমুদের তত্ত্বাবধানে মো. ফুয়াদ হাসান শাওন পেয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট (সিসিডিবি)-এর ‘সিসিডিবি স্কলারশিপ-২০২৫’। এ বৃত্তির অর্থায়ন করছে জার্মান উন্নয়ন সংস্থা ‘ব্রট ফ্যুউর ডি ভেল্ট’। তাঁর গবেষণার মূল বিষয় জলবায়ু পরিবর্তন, কমিউনিটি ভিত্তিক অভিযোজন এবং মাঠপর্যায়ে তথ্য ঘাটতি পূরণ।
- বিষয় :
- বাকৃবি
