বুটেক্সে টেক্সটাইটান্স প্রতিযোগিতা
চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা ভূমিকা রাখবে
আফ্রিদ হোসেন
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১২:২৪
বুটেক্স বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা ‘টেক্সটাইটান্স’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট তিনটি ক্যাটেগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়– পোস্টার প্রদর্শনী, কুইজার্ড এবং ট্রেজার হান্ট। প্রথমে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর বিকেল ৪টা থেকে শুরু হয় পোস্টার প্রদর্শনী পরিদর্শন ও ট্রেজার হান্ট প্রতিযোগিতা।
পোস্টার প্রদর্শনী ও ট্রেজার হান্টে প্রতিটি দলে তিনজন এবং কুইজে দুজন করে শিক্ষার্থী অংশ নেয়। পোস্টার প্রদর্শনীতে বিচারক হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. লামইয়া জহির ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ মোহাম্মদ রাফি। সন্ধ্যা সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পোস্টার প্রদর্শনী ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয় ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘র্যাটজিলাস’।
এ ছাড়া প্রথম রানারআপ একই বিভাগের দল ‘টু ডাই ফর’ এবং দ্বিতীয় রানারআপ হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘ট্রিও’। কুইজার্ড ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ফেব্রিক এক্সপ্রেস’, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টু প্লাই টাইটান্স’, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম টজার এম্পায়ার’। একইভাবে ট্রেজার হান্টে বিজয়ী হয় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টেরা ইনকগনিটা’, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘দ্য ডিকোড ডিভাস’ ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘আরটিআর বয়েজ’। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত বৈজ্ঞানিক পোস্টার ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পাঠ্যবইয়ের বাইরে অর্জিত জ্ঞান তাদের কাজের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন। তিনি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং শিক্ষকরা যথাযথভাবে সেগুলোর মূল্যায়ন করেছেন।
চ্যাম্পিয়ন ‘ফেব্রিক এক্সপ্রেস’ দলের সদস্য মো. রুবায়েত রশীদ রনি বলেন, এই প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হবো তা কখনও ভাবিনি। মূলত দলের দুজনের সম্মিলিত প্রচেষ্টা আর শক্তিশালী টিমওয়ার্কের কারণেই আমরা অন্যদের থেকে এগিয়ে থাকতে পেরেছি। আরেক চ্যাম্পিয়ন দল ‘র্যাটজিলাস’ থেকে তানভির হাসনাত তন্ময় তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, বুটেক্স সায়েন্স ক্লাব আয়োজিত এই পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা আমার জন্য সম্পূর্ণ নতুন এবং দারুণ এক অভিজ্ঞতা ছিল। প্রথমবার অংশগ্রহণ করেই এমন সাফল্য পাওয়াটা অনেক বেশি শিক্ষণীয়।
বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগকে নিয়ে এই আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা ও দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, গবেষণামূলক চিন্তাভাবনা এবং জ্ঞানের গভীরতা প্রকাশ পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাবে বুটেক্স সায়েন্স ক্লাব। ক্লাবটির সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৭তম থেকে ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- বুটেক্স
