বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার
চাকরিপ্রত্যাশীদের মিলনমেলা
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যারিয়ার ফেয়ার
আহাম্মেদ সাব্বির
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:২৮
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সেন্ট্রোর পরিবেশনায় আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬। সম্প্রতি বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই ফেয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।
বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন জব ফেয়ারের উদ্বোধন করেন। এর পরই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। তারা জীবনবৃত্তান্ত হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে করপোরেট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে চাকরি ও ইন্টার্নশিপের নানা সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। ২৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় এই ফেয়ারে। এর মধ্যে ছিল– সেন্ট্রো টেক্স, সুইস ক্রোমা, ব্যাবিলন গ্রুপ, হা-মীম গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, ঊর্মি গ্রুপ, পূর্বাণী গ্রুপ, এপিলিয়ন, একেএইচ গ্রুপ, প্যাসিফিক জিন্স, চরকা টেক্সটাইলস লিমিটেড, বিটপী গ্রুপ, সামিট ডাই কেমিক্যালস লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, ইউনিক কালার কেমিক্যালস, বেন-টেক কেমিক্যালস ইত্যাদি। অন-স্পট ইন্টারভিউ নেয় কয়েকটি প্রতিষ্ঠান।
বেলা ১১টায় অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন। এরপর দুপুরে হয় ওয়ার্কশপ সেশন। দিনব্যাপী কর্মশালা ও আলোচনা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং রেডিক্যাল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী একেএম মহসিন আহমেদ।
সমাপনী বক্তব্যে আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার বলেন, ‘গত বছরের আয়োজনের থেকে কোনো অংশেই কম হয়েছে বলে মনে করি না। আমরা শুরু থেকেই ক্যারিয়ার ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। এই গরমে অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন সম্পন্ন করায় ক্যারিয়ার ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই।’
আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, ‘সব ক্লাবের কিছু না কিছু ইভেন্ট থাকে। কিন্তু ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার ফেয়ার সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উপকারে আসবে। উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ‘ক্যারিয়ার ফেয়ার প্রতিবছর যেন অনুষ্ঠিত হয় এবং পরের বছর আরও বড় পরিসরে যাতে আয়োজন করা হয় তার ব্যবস্থা করা হবে। বিভিন্ন গ্রুপের চেয়ারম্যানদের আমি বলব, আমাদের শিক্ষার্থীদের ভালো বেতনে চাকরি দেন, যাতে তারা কর্মক্ষেত্রে বেশি শ্রম দিতে পারে এবং তাদের লক্ষ্য পূরণ করতে পারে।’
বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তানবীরুল ইসলাম জীয়ান বলেন, ‘ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা আমার কাছে ছিল স্বপ্নের মতো। বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে গ্রুপ এবং স্পন্সর ম্যানেজ করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবছর যেন এমন মেগা ইভেন্ট আয়োজন করা হয়, এটাই আমার লক্ষ্য।’ ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, ‘ক্লাবের উদ্দেশ্য হলো বুটেক্সের শিক্ষার্থীদের নেতৃত্ব বৃদ্ধি করা, যাতে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে ভালো করতে পারে।
এবারে জব ফেয়ারের পাশাপাশি সিভি রাইটিং, এইচআর পার্সপেক্টিভ এবং ক্যারিয়ার গাইডলাইনের ওপরে সেশন রাখা হয়েছে।’
- বিষয় :
- বুটেক্স
