বুটেক্সে অনুষ্ঠিত হলো জাতীয় বাংলা বিপি বিতর্ক প্রতিযোগিতা 'তন্তুজাল'
দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৪টি বিতর্ক দল এতে অংশগ্রহণ করে। ছবি: সমকাল
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৩:১২ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৩:১৬
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় বাংলা ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক প্রতিযোগিতা 'তন্তুজাল' ২০২৬। ৮ ও ৯ মে দুই দিনব্যাপী এ জাতীয় আয়োজন সম্পন্ন করে বুটেক্স ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)।
এ বছরের প্রতিপাদ্য ছিল 'দ্য বেঙ্গল সুবাহ: ইকোস অফ দ্য মুঘল এইজ', যেখানে মুঘল আমলের সুবাহ বাংলার শিল্প, স্থাপত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের নান্দনিক দিকগুলোকে উপজীব্য করে বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ইতিহাস ও চিন্তার এক অনন্য সংমিশ্রণ ফুটে ওঠে।
দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৪টি বিতর্ক দল এতে অংশগ্রহণ করে। দুই দিনের প্রতিযোগিতায় প্রাথমিক পর্ব শেষে ১৬টি দল পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে ওপেন ক্যাটাগরি ও স্কুল-কলেজ ক্যাটাগরিতে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওপেন ক্যাটাগরির ফাইনালে অংশ নেয় ডিবেটার কমিউনিটি অব বাংলাদেশ, চাঁদপুর ডিবেট মুভমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং ক্লাব। এ বিভাগে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম-জেড) এবং রানারআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস-বি)। এই ক্যাটাগরিতে ডিবেটার অব দ্য ফাইনাল এবং ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইরফান খান অপূর্ব।
স্কুল-কলেজ বিভাগে ফাইনালে অংশ নেয় প্রিপারেটরি ডিবেটিং সোসাইটি-০১, মিল্লাত ডিবেটিং সোসাইটি 'মরুসিংহ', এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি’র দুটি দলসহ অন্যান্য দল। এ বিভাগে চ্যাম্পিয়ন হয় প্রিপারেটরি ডিবেটিং সোসাইটি-০১ এবং রানারআপ হয় মিল্লাত ডিবেটিং সোসাইটি 'মরুসিংহ'। স্কুল-কলেজ পর্যায়ে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইসলামুল হক সৌরভ ও তানভীর, আর ডিবেটার অব দ্য ফাইনাল হন সাওম রহমান।
ফাইনাল পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, যা পুরো প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ডা. মো. জুলহাস উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তিনি জাতীয় পর্যায়ে এমন মানসম্মত আয়োজন অব্যাহত রাখার জন্য বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রশংসা করেন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে সহায়তা করে। তারা এমন আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মো. মুনেম শাহরিয়ার অর্ণব। সমাপনী অনুষ্ঠানে ক্লাবের মডারেটর, শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই জাতীয় বিতর্ক উৎসবের সফল সমাপ্তি ঘটে।
- বিষয় :
- বুটেক্স
- বিতর্ক প্রতিযোগিতা
