বুটেক্সে তন্তুজাল ২০২৬
দেশসেরা বিতার্কিকের মেলা
৪৪টি বিতর্ক দল এবং শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়
অভিষেক দত্ত
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:২০
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো অকো-টেক্স নিবেদিত জাতীয় বাংলা ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক প্রতিযোগিতা ‘তন্তুজাল’ ২০২৬। গত ৮ ও ৯ মে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিল বুটেক্স ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল– ‘The Bengal Subah: Echoes of the Mughal Age’। মুঘল আমলে সুবাহ বাংলার শিল্প, স্থাপত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের নান্দনিক বিকাশকে উপজীব্য করেই সাজানো হয় এবারের আয়োজন। দুই দিনব্যাপী এ জাতীয় বিতর্ক আয়োজনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৪টি বিতর্ক দল এবং শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন। বিচারকার্যে অংশ নেন ১২ জন প্রধান বিচারক ও অর্ধশতাধিক আমন্ত্রিত ও স্বতন্ত্র বিচারক।
প্রতিযোগিতার প্রথম দিন প্রাথমিক পর্ব শেষে ১৬টি দল পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। পরদিন অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও চূড়ান্ত পর্ব। ওপেন ও স্কুল-কলেজ–এই দুই ক্যাটেগরিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
ওপেন ক্যাটেগরির ফাইনালে অংশ নেয় ডিবেটার কমিউনিটি অব বাংলাদেশ, চাঁদপুর ডিবেট মুভমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং ক্লাব। এ বিভাগে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম-জেড) এবং রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস-বি)। ওপেন ক্যাটেগরিতে ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইরফান খান অপূর্ব। তিনি একই সঙ্গে ডিবেটার অব দ্য টুর্নামেন্টের স্বীকৃতিও অর্জন করেন। স্কুল-কলেজ বিভাগে ফাইনালে অংশ নেয় প্রিপারেটরি ডিবেটিং সোসাইটি-০১, মিল্লাত ডিবেটিং সোসাইটি ‘মরুসিংহ’, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ‘ম্যাক্সন’ এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ‘এমআরএনএ’। এ বিভাগে চ্যাম্পিয়ন হয় পিডিএস-০১ এবং রানার্সআপ হয় এমডিসি ‘মরুসিংহ’। স্কুল-কলেজ পর্যায়ে যৌথভাবে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইসলামুল হক সৌরভ (চাঁদপুর ডিবেট মুভমেন্ট) ও তানভীর (আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব)। ডিবেটার অব দ্য ফাইনাল হন সাওম রহমান। ফাইনাল রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তামজিদ রহমান (বুটেক্সডিসি), ফাহমিদা সৃষ্টি (বিডিএফ), মোহাম্মদ রহমতুল্লাহ (ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি), আদিব ফয়সাল (নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব) এবং ইত্তেসাফ রহমান (বুটেক্সডিসি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ডা. মো. জুলহাস উদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান, রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দীনা এবং বুটেক্স ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, মাসকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুবুল আলম মিল্টন, এমএমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মইদুল ইসলাম মঈদ, এমব্রেলা লিমিটেডের এজিএম (অপারেশন) মো. তানভীর আহমেদ, আইটিইটির সদস্য সচিব মো. এনায়েত হোসেন, এমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মইদুল ইসলাম (মঈদ), সামেত ডাই-কেম লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সায়েদ ইকবাল আক্তার রিজভী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মো. মুনেম শাহরিয়ার অর্ণব। উদ্বোধন করেন ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. সোহাগ বাবু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আশেক এ রহমান। উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জুলহাস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরস্কার বিতরণীর পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
- বিষয় :
- বুটেক্স
