উচ্চশিক্ষা দূরদেশ
যেসব সুবিধা পাওয়া যাবে: অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ
জাবেদ ইকবাল
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:২৮
অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন ও বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ হিউম্যান রাইটস স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদন আহ্বান করেছে। দেশি এবং আন্তর্জাতিক– উভয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো মানবাধিকার বিষয়ে উচ্চতর গবেষণা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করা। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন বিশ্ববিদ্যালয়টি তার উন্নত গবেষণা, মানসম্মত শিক্ষা ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে নিয়মিতভাবেই শীর্ষস্থানে অবস্থান করে।
এই স্কলারশিপে শুধু একাডেমিক গবেষণাকেই প্রাধান্য দেওয়া হয় না, বরং বাস্তব জীবনে মানবাধিকারের অগ্রগতি ও সামাজিক উন্নয়নে অবদান রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর আওতায় আইন, নীতি, সামাজিক ন্যায়বিচার, আদিবাসীদের অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, উন্নয়ন এবং মানবিক অধ্যয়নসহ মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণাকে উৎসাহিত করা হয়।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
শিক্ষাগত যোগ্যতা: মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির বাধ্যবাধকতা: আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণা প্রোগ্রামে ভর্তি হতে হবে অথবা ভর্তির জন্য যোগ্য হতে হবে।
পূর্ব অভিজ্ঞতা: প্রার্থীর পূর্বে একই স্তরের কোনো গবেষণা ডিগ্রি (যেমন– আগে একটি পিএইচডি করা থাকলে পুনরায় পিএইচডির জন্য) থাকলে আবেদন করা যাবে না।
l আবেদনকারীদের একটি বিস্তারিত ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে। এই বিবৃতিতে প্রার্থীরা তাদের মানবাধিকারবিষয়ক পূর্ববর্তী কাজ, স্বেচ্ছাসেবামূলক অভিজ্ঞতা এবং তাদের প্রস্তাবিত গবেষণার সামাজিক প্রভাব স্পষ্টভাবে তুলে ধরবেন।
স্কলারশিপের আর্থিক সুবিধা ও সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার স্তর ও মেয়াদের ওপর ভিত্তি করে মোট অর্থমূল্য প্রায় ৮৯,০০০ থেকে ১,৫৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে। এর আওতাধীন প্রধান সুবিধাসমূহ নিচে দেওয়া হলো:
টিউশন ফি: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
বার্ষিক ভাতা: জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বছরে প্রায় ৪৪,৫০০ অস্ট্রেলিয়ান ডলার লিভিং অ্যালাউন্স প্রদান করা হবে।
সহায়তার মেয়াদ: মাস্টার্স কোর্সের জন্য সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি কোর্সের জন্য ৩.৫ থেকে ৪ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
স্বাস্থ্যবীমা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার বা স্বাস্থ্যবীমার সুবিধা থাকছে।
ছুটির সুবিধা: বিশেষ প্রয়োজনে অসুস্থতা, মাতৃত্ব ও অভিভাবকত্বজনিত ছুটির স্যালারিড সুবিধা পাওয়া যাবে।
আবেদনের গুরুত্বপূর্ণ সময়সীমা
lআবেদন প্রক্রিয়া শুরু হয়েছে: ১ এপ্রিল ২০২৬
lআবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
ফলাফল প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৭
আবেদন ও বিস্তারিত তথ্যের লিংক https://scholarships.unimelb.edu.au/awards/human-rights-scholarship
- বিষয় :
- অস্ট্রেলিয়া
