নটর ডেম কলেজে জাতীয় গণিত উৎসব
সমাপনী অনুষ্ঠানে মোট ১২৫ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
ফরিদুল ইসলাম নির্ঝর
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:৪৬
নটর ডেম কলেজে অনুষ্ঠিত হলো সিটি ব্যাংক আয়োজিত ষষ্ঠ নটর ডেম কলেজ জাতীয় গণিত উৎসব। গত ১ ও ২ মে নটর ডেম কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সাড়ে তিন হাজারের বেশি গণিতে আগ্রহী শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণ করেছে। নটর ডেম ম্যাথ ক্লাব এই উৎসব আয়োজন করেছে।
গণিত উৎসবে ছিল ১৬টি একক প্রতিযোগিতা, ৩টি দলীয় এবং ৩টি অনলাইন সাবমিশন। ম্যাথ অলিম্পিয়াড ফাইন্ড, ম্যাথ রিলে, ইন্ট্রিগ্রেশন বি-এর মতো পর্বগুলো সাড়া ফেলে। পাশাপাশি তিন মিনিট প্রফেসরের মতো বিশেষ পর্বে শিক্ষারর্থীরা নিজেদের গণিত শিক্ষক হিসেবে কল্পনা করে পারফর্ম করে।
উৎসবে ছিল ন্যাশনাল একাডেমিক মাস্টার পর্ব। দেশব্যাপী ৩৭টি কলেজ থেকে আগত গণিতে পারদর্শী বাছাইকৃত ৩৯ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে ২ জন শিক্ষার্থী সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে ফাইনাল পর্বে অংশ নেয়। এ পর্ব অনুষ্ঠিত হয় উপস্থিত দর্শকের সামনে। মাত্র ৩০ মিনিট দ্রুততা ও নির্ভুলতার সঙ্গে সমস্যা সমাধান করে বিজয়ী হয় নটর ডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রিজভী। এ ছাড়া এবারের বিশেষ সেগমেন্ট হিসেবে ছিল ট্রেজার হান্ট। ৪২টি দলের মধ্যে থেকে সর্বমোট ১০,০০০ টাকা জিতে নেয় বিজয়ী ৩ দল।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. অমল কৃষ্ণ বণিক ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রধান মিনারা বেগম এবং গেস্ট অব অনার হিসেবে ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও সিএসসি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. আব্দুল মতিন এবং বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ফারসিম মান্নান মোহাম্মদী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও সিএসসি। এ ছাড়া সমগ্র ইভেন্ট পরিচালনা ও দিকনির্দেশনা প্রদান এবং সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নটর ডেম কলেজের গণিত বিভাগের প্রভাষক ও নটর ডেম ম্যাথ ক্লাবের সুযোগ্য অ্যাক্সিওম মো. রেজাউল করিম।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোট ১২৫ জন বিজয়ীর হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে গণিত উৎসব শেষ হয়।
- বিষয় :
- গণিত উৎসব
