স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টামফোর্ড ইউনিভার্সিটি সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১৪:০৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানাজ ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের।
আব্দুল খালেক বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু একটি সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও দেশপ্রেম ধারণ করতে হবে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে এটাই প্রত্যাশা।
রেজাউদ্দিন স্টালিন বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটি গভীর সম্পর্ক রয়েছে। একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টামফোর্ডের শিক্ষার্থীদের এমন একটি সুন্দর সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ প্রশংসনীয়।
অধ্যাপক ড. ফারহানাজ ফিরোজ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতায় তোমরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমরা বিশ্বাস করি।
অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তোমাদের জীবনের একটি নতুন যাত্রা শুরু হলো। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেয়। বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি