ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের যুক্তিনির্ভর মতবিনিময়

টিবিডি-অস্ট ডিবেটিং ক্লাব সিভিল ডিসকোর্স ন্যাশনালস ২০২৬

তরুণদের যুক্তিনির্ভর মতবিনিময়
×

বিতর্ক প্রতিযোগিতায় ৩৬টি বিশ্ববিদ্যালয় এবং ৪৪টি স্কুল ও কলেজের মোট ৮০টি দল অংশ নেয়

 জাবেদ ইকবাল 

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১২:১২

তরুণদের মধ্যে যুক্তিনির্ভর মতবিনিময়, গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতি-আলোচনার চর্চা বিস্তারের লক্ষ্য নিয়ে The Bangladesh Dialogue (TBD) ও AUST Debating Club (AUSTDC)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘TBD×AUSTDC Civil Discourse Nationals 2026’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ জুলাই আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আহ্ছানউল্লা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (অস্টডিসি) এবং দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬টি বিশ্ববিদ্যালয় এবং ৪৪টি স্কুল ও কলেজের প্রতিনিধিত্বকারী মোট ৮০টি দল অংশ নেয়। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যার বিচারে এবং পরিধিতে এটি দেশের অন্যতম বৃহত্তম আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা। তিন দিনের এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র, নীতিনির্ধারণ, অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার এবং সমসাময়িক জাতীয় ও বৈশ্বিক নানা ইস্যুতে তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। প্রতিটি বিতর্কে প্রতিযোগীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে যুক্তিনির্ভর আলোচনার পরিবেশ সৃষ্টি করেন, যা প্রতিযোগিতাজুড়ে বিতর্কের মঞ্চকে প্রাণবন্ত এক গণতান্ত্রিক সংসদে পরিণত করে। প্রতিযোগিতার প্রথম দিনে (২৪ জুলাই) আন্তঃস্কুল-কলেজ, দ্বিতীয় দিনে (২৫ জুলাই) আন্তঃবিশ্ববিদ্যালয় এবং তৃতীয় দিনে (২৯ জুলাই) এই আয়োজনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ী দল, রানার্স-আপ এবং সেরা বক্তাসহ বিচারকদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। আন্তঃস্কুল বিভাগে চ্যাম্পিয়ন হয় মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স-আপ হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। 

এ ছাড়া আন্তঃস্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও রানার্স-আপ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেয় আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বাংলাদেশ গঠনের পথে তরুণদের চিন্তা, স্বপ্ন ও উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, সহনশীল ও প্রগতিশীল সমাজ গঠনে তরুণদের যুক্তিনির্ভর চিন্তা এবং গঠনমূলক মতবিনিময়ের বিকল্প নেই। 

এ ছাড়া ওইদিন অস্ট ডিবেটিং ক্লাবের একযুগ পূর্তি উপলক্ষে স্মারক ম্যাগাজিন ‘যুগপৎ’-এর মোড়ক উন্মোচন করেন তিনি। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল হক, চেয়ারপারসন রুবাইয়াত মান্নান রাফি (চেয়ারম্যান, টিবিডি); প্রফেসর গোলাম রহমান (চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিস, আহ্ছানউল্লা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, মীর নাদিয়া নিভিন (চেয়ারম্যান, ইন্সুরেন্স ডেভেলভমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি); বিশিষ্ট  অর্থনীতিবিদ ড. জ্যোতি রহমান; বিশিষ্ট অতিথিবৃন্দ;শিক্ষকবৃন্দ; The Bangladesh Dialogue-এর প্রতিনিধিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়, গবেষণা ও বিতর্ক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়; এটি যুক্তিবোধ, সহনশীলতা, নেতৃত্ব এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার একটি কার্যকর মাধ্যম।  আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক মঞ্চে এনে যুক্তির আলোকে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দৈনিক সমকাল এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল। 

আরও পড়ুন

×