বৃত্তি
বাংলাদেশিদের আমেরিকায় শিক্ষকতার সুযোগ
শাকিল ইমতিয়াজ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১২:২০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ১২:২০
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বৃত্তি ও ফেলোশিপের মধ্যে অন্যতম ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রাম। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশি শিক্ষকদের যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শেখানোর পাশাপাশি মার্কিন সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ পাবেন নির্বাচিত ফেলোরা।
বাংলাদেশি যেসব তরুণ শিক্ষক আমেরিকান স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য এবং বাংলা ভাষা পড়ান, তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩০ আগস্ট ২০২৬।
ঢাকার মার্কিন দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
এফএলটিএ প্রোগ্রামে কী সুযোগ রয়েছে
ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামের আওতায় নির্বাচিত ফেলোরা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাতে সহায়তা করবেন। একই সঙ্গে ফেলো এবং তাদের শিক্ষার্থীরা পরস্পরের সংস্কৃতি, সমাজ ও জীবনধারা সম্পর্কে জানার সুযোগ পাবেন।
প্রোগ্রামটিতে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা ভাষা শিক্ষাদানে সহায়তা করবেন। পাশাপাশি প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্স করতে হবে, যার মধ্যে একটি হবে আমেরিকান স্টাডিজ-সংক্রান্ত কোর্স।
বাংলাদেশি শিক্ষাবিদরা ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের এই শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন।
কারা আবেদন করতে পারবেন
l বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
l বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
l ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
lটোয়েফলে ন্যূনতম ৮০ অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭.০ স্কোর থাকতে হবে।
lআবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
lনির্ধারিত নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা
lএটি ৯ মাস মেয়াদি নন-ডিগ্রি প্রোগ্রাম। lনির্বাচিত ফেলোরা যুক্তরাষ্ট্রের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষাদানে সহায়তা করার সুযোগ পাবেন।
lএ ছাড়া এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।
যেভাবে আবেদন করতে হবে
আবেদনের জন্য প্রার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে–
lপূর্ণাঙ্গ অনলাইন আবেদন ফরম;
lস্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক নম্বরপত্র;
lএকাডেমিক রেকর্ড-সংক্রান্ত তথ্য;
l টোয়েফল অথবা আইইএলটিএস স্কোরের সনদ;
l তিনজন সুপারিশকারীর সুপারিশপত্র।
তিনজন সুপারিশকারীকে পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তাদের সুপারিশপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন করতে প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর নির্দেশনা অনুসরণ করে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট।
বিস্তারিত - https://bd.usembassy.gov/fulbright-foreign-language-teaching-assistant-flta-program-announcement/
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- বৃত্তি