ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ডিআইইউতে উচ্চশিক্ষার গুণগত মান ও অ্যাক্রেডিটেশন নিয়ে কর্মশালা

ডিআইইউতে উচ্চশিক্ষার গুণগত মান ও অ্যাক্রেডিটেশন নিয়ে কর্মশালা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২১:১৮

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। এতে একাডেমিক উৎকর্ষ, গুণগত মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। সম্মানিত অতিথি ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসির সদস্য (পূর্ণকালীন) অধ্যাপক ড. মো. শাহ এমরান, পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ডিআইইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ডিন (একাডেমিক অ্যাফেয়ার্স) ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল বক্তব্য দেন।

কর্মশালায় অ্যাক্রেডিটেশন, গুণগত মান নিশ্চিতকরণ, মানদণ্ড, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সুশৃঙ্খল নথিপত্র সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, সহযোগী ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে ডিআইইউর উদ্যোগের প্রশংসা করেন। তিনি অ্যাক্রেডিটেশন নিয়ে কোনো ধরনের শঙ্কা বা ভীতি না রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অর্জন ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও নথিবদ্ধ করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনের জন্য সুশৃঙ্খল নথিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. মো. সবুর খান অ্যাক্রেডিটেশন ও বৈশ্বিক মানদণ্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে স্থানীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা জরুরি।

ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও গুণগত মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অ্যাক্রেডিটেশন সংস্থাগুলোর পরিবর্তনশীল শর্ত ও প্রয়োজনীয়তার সঙ্গে বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে মানিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন।

পরে বিএসির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এতে আন্তর্জাতিক স্বীকৃতি, অ্যাক্রেডিটেশনের কারিগরি ও পদ্ধতিগত দিক এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আয়োজকরা জানান, এ কর্মশালা ডিআইইউর গুণগত মান নিশ্চিতকরণ সংস্কৃতি ও অ্যাক্রেডিটেশনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। বিএসির প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া জ্ঞান ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে প্রমাণভিত্তিক নথিপত্র সংরক্ষণ এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সহায়ক হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×