চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ
ছবি- সমকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৫
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত ও কেন্দ্রীয় লাইব্রেরির শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ শুরু হয়। মিছিলটি জবি ক্যাম্পাস থেকে বের হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সচিবালয়ের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘নিয়োগ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’ এবং ‘ভাইভা না মেধা—মেধা, মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, লিখিত পরীক্ষার তুলনায় ভাইভায় বেশি নম্বর রাখার সুযোগ তৈরি হলে নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য ও অনিয়মের আশঙ্কা বাড়বে। বিশেষ করে ভাইভায় স্বচ্ছতা নিশ্চিত না করে নম্বরের গুরুত্ব বাড়ানো হলে প্রকৃত মেধাবীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
শিক্ষার্থী রায়হান হাসান রাব্বী বলেন, সরকারি চাকরিতে এমনিতেই বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়োগ পরীক্ষায় সবচেয়ে বেশি অনিয়মের সুযোগ ভাইভায় তৈরি হয় বলে তারা মনে করেন। ভাইভার নম্বর বাড়িয়ে দিলে প্রকৃত মেধাবীদের সঠিকভাবে মূল্যায়ন করা হবে না।
তিনি বলেন, ‘যদি সত্যিই মেধার ভিত্তিতে নিয়োগ দিতে চান, তাহলে আগে প্রশ্নফাঁস, ডিভাইস ব্যবহারসহ অনিয়ম বন্ধ করুন। আগে যে কথা প্রচলিত ছিল মামা-খালু থাকলেই চাকরি হয়—সেটা আবার ফিরিয়ে আনার জন্যই আমলারা ভাইভার নম্বর বাড়াতে চান বলে আমরা মনে করি।’
শিক্ষার্থীরা বলেন, ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাৎক্ষণিকভাবে এ বিক্ষোভ ও মিছিল করা হয়েছে। চাকরিপ্রত্যাশীদের মধ্যে নতুন করে বৈষম্য তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সরকারি চাকরির ১১–২০ গ্রেডের পদে সরাসরি নিয়োগের জন্য নতুন পরীক্ষার মানবণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১১–১২ গ্রেডে ১০০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের মৌখিক, ১৩–১৬ গ্রেডে ৬০ নম্বরের লিখিত ও ৪০ নম্বরের মৌখিক এবং ১৭–২০ গ্রেডে লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় ২৫ নম্বর করে রাখার প্রস্তাব করা হয়েছে।
- বিষয় :
- সরকারি চাকরি
- বিক্ষোভ