ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:৪৭

বর্ণিল আয়োজনে বিএএফ শাহীন কলেজের নবীনবরণ

 সায়েক আহমেদ সজীব

বর্ণিল ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর ‘একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান-২০২৬’। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের  অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন শাখার উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বের সূচনা হয়। পরে কলেজ শাখার উপাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন তাঁর স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের  অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি তাদের আগামী দুই বছরের শিক্ষাজীবনকে সুশৃঙ্খল, আনন্দময় ও সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির অনুপ্রেরণাদায়ী বক্তব্যে শিক্ষার্থীদের জীবনে স্বপ্নকে লক্ষ্য হিসেবে গ্রহণ করে তা অর্জনে কঠোর পরিশ্রম, আত্মশুদ্ধি ও নিয়মানুবর্তিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। তিনি নবীনদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।  আনুষ্ঠানিক পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নবীনদের উচ্ছ্বাস, শিক্ষকদের আন্তরিকতা এবং সাংস্কৃতিক পরিবেশনার মুগ্ধতায় পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায়।

নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় ও নতুন পথচলার অঙ্গীকারে বিএএফ শাহীন কলেজ ঢাকার নবীন শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের নবীনবরণ অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য ও স্মরণীয় আয়োজন। 

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ৫ বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৬’-এর সাতটি বিভাগের মধ্যে পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক আইইউবি।  ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস অ্যারেনায় পুরুষ ও নারী একক বিভাগের খেলা এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা। এতে অংশ নেন দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন খেলোয়াড়। তাদের মধ্যে ৬০ জন পুরুষ ও ১১ জন নারী। পুরুষ এককের ফাইনালে আইইউবির রামহিম বম নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইমরুল কায়েস ইমনকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। নারী এককে এআইইউবির মার্শিয়া মাহীদ মনামী আইইউবির শারমিন ইসলাম শ্রদ্ধাকে ৩-২ সেটে হারিয়ে শিরোপা জেতেন। টুর্নামেন্টের শেষ দিনে এই দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ দলীয় বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-০ এবং নারী দলীয় বিভাগে এআইইউবিকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আইইউবি। পুরুষ দ্বৈত বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-২ এবং নারী দ্বৈত বিভাগে এআইইউবিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। মিশ্র দ্বৈত বিভাগের ফাইনালে আইইউবির একটি জুটি একই বিশ্ববিদ্যালয়ের আরেকটি জুটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন

×