ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৮:৫১

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ। 

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত ও পেশাগতভাবে সফল নয়, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে হাসনাত মোশাররফ বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চায়, যেন তারা পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও আজীবন শেখার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও দলীয় পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন।

উৎসবমূখর এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন আইএসইউর ট্রেজারার প্রফেসর ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মকর্তা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×