কৃষির আধুনিকায়নই আশার আলো দেখাচ্ছে: কৃষিমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ১০:৫০
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, চাষা বলে একসময় অভিজাত শ্রেণির লোকরা কৃষকদের ভর্ৎসনা করত। কালের বিবর্তনে আজ অভিজাত শ্রেণির শিক্ষিত লোকরা গর্ব করে কৃষিকাজে নিজের সম্পৃক্ততার কথা বলেন। কিন্তু বর্তমানে কৃষি শ্রমিকরা যে পারিশ্রমিক পান তা দিয়ে তাদের জীবন নির্বাহ কষ্টকর। এ জন্য কৃষির আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণই কৃষকদের আশার আলো দেখাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। তাই সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে। বিএডিসিকেও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। নতুন নতুন প্রযুক্তি ও জাত উদ্ভাবন করে মানুষের কাছে দ্রুত পৌঁছাতে হবে। অপ্রচলিত অধিক মূল্যের ফসল উৎপাদন বাড়াতে হবে। সেসঙ্গে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রফতানি বাড়াতে হবে।
রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দিনের শুরুতে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন। দিবস উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন তিনি। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উন্মোচন, ইলেকট্রনিক গেট ও ভবনের দশম তলায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান, সাবেক কৃষি সচিব ড. এসএম নাজমুল ইসলাম ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।