রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, আটক ৪
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ১১:০২ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:১৫
রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
তারা হলো- বাদল, রেজাউল, ইমরান সুমন ও আলী আকবর।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, পুলিশের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া ও অপহরণের সঙ্গে জড়িত ছিল ইমরান সুমন ও আলী আকবর। তারা ওই রাতে বছিলা থেকে রুবেল নামে একজনকে অটোরিকশায় তুলে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে গোপন আস্তানায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে র্যাবের একটি দল আদাবর এলাকা থেকে রুবেলকে উদ্ধার করে। এ চক্রের দুই সদস্য এক সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করত। পরে তারা পুলিশের নকল পরিচয়পত্র তৈরি করে অপরাধে জড়িয়ে পড়ে।
অন্যদিকে আদাবর থানার এসআই আবু হেলাল জানান, ঘটনার রাতে এক যুবককে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে ডিবি পরিচয়ে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে বাদল ও রেজাউল। এ সময় ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী জড়ো হয় এবং দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
- বিষয় :
- ডিবি পুলিশ
- অপহরণ
