ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আবরার হত্যা মামলার আসামি সাদাত গ্রেফতার

আবরার হত্যা মামলার আসামি সাদাত গ্রেফতার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০২:০২

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এ এস এম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে দিনাজপুরের বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুয়েট ছাত্রলীগ কর্মী সাদাত প্রতিষ্ঠানটির যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। 

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন সাদাত।

বুয়েট ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর রাতভর নির্যাতনে গত ৭ অক্টোবর রাতে বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) নিহত হন। এ ঘটনায় তার বাবা ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ছাত্রলীগ ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ১৬ জনসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার পলাতক তিন আসামি হলেন- বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৬তম ব্যাচের মাহমুদুল জিসান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের এহতেশামুল রাব্বী তানিম এবং যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের মোর্শেদ।

আরও পড়ুন

×