ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ০৩:৩৯ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ০৪:২৫

দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে 'বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন' (বিডিএমএ)-এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্যের কমিটির আহ্বায়ক হলেন এনটিভি অনলাইনের খন্দকার ফকরউদ্দীন আহমেদ এবং সদস্য সচিব চ্যানেল আইয়ের মো. আজিম হোসেন।

শনিবার এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র তৈরির জন্য পাঁচ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার, বাংলাদেশ টেলিভিশনের মাহফুজুর রহমান, মোহনা টিভির মোশাররফ খান বাদল, দৈনিক নয়া শতাব্দীর মেহেদী হাসান রনিসহ টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের ডিজিটাল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- একুশে টেলিভিশনের জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যানেল24-এর রিয়াজুল আলম রাব্বী, দীপ্ত টিভির মোহাম্মদ আবু নাসিম, মাছরাঙা টেলিভিশনের মো. তামজিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের পলাশ দাস, ঢাকা পোস্টের মো. হাসিবুল হাসান ও ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল।

সংগঠনের গঠনতন্ত্র তৈরি উপ-কমিটির সদস্যরা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার আজাদ বেগ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মিল্লাত হোসেন, নাগরিক টিভির রবি শংকর দাস, জাগো নিউজের জিয়া উদ্দিন এবং এনটিভি অনলাইনের আবু এহসান সিদ্দিক রাজ।

গত জুনে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে একটি সংগঠন গঠনের উদ্দেশে প্রথম বৈঠক হয়, সেখানে সংগঠনের নাম 'বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন' (বিডিএমএ) করার সিদ্ধান্ত হয়। আগামী ২৮ আগস্ট সংগঠনের পরবর্তী বৈঠক হবে।

প্রসঙ্গত, গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সঠিক রূপরেখা তৈরিতে কার্যকর ভূমিকা রাখা, নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা, ফেসবুক-ইউটিউবের কপিরাইট ম্যানেজমেন্টকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা, নতুন কর্মপন্থার উৎপত্তি, স্যোশাল মিডিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারাদেশের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ এবং সবার জন্য নিরাপদ গণমাধ্যমের আধেয় প্রকাশ করে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করাই এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য-উদ্দেশ্য। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×