ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৩ মাস ধরে প্রেস ক্লাবের সামনে মৎস্য অধিদপ্তরের ৫১২ কর্মচারী

৩ মাস ধরে প্রেস ক্লাবের সামনে মৎস্য অধিদপ্তরের ৫১২ কর্মচারী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২ | ০৫:৫৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ | ০৫:৫৩

চাকরি স্থায়ীকরণের দাবিতে ৯০ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী। দাবি পূরণ না হওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ দিন ধরে তারা অর্ধাহারে-অনাহারে এই কর্মসূচি অব্যাহত রেখেছেন।

চাকরি স্থায়ীকরণ করে ৫১২ জন কর্মচারীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এসব কর্মচারী।

অন্যান্য দিনের মতো মঙ্গলবারও সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি সাইদুর রহমান,  যুগ্ম সম্পাদক রকিবুজ্জামান, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ইশরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, যারা দীর্ঘ ৭ বছর শ্রম দিয়ে মৎস্য সেক্টরকে সোনালি যুগে নিয়েছে তাদের প্রতি সামান্য সহানুভূতিও দেখাল না কর্তৃপক্ষ। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার সহায়ক সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপের অভাবে ধ্বংস হতে চলেছে ৫১২ জন কর্মচারী ও তাদের পরিবার।

সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায় প্রকল্পের ৫১২ জন কর্মচারী আজ বেকার। আমাদের পরিবার-পরিজন অর্ধাহারে জীবনযাপন করছেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা তিন মাস ধর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের পাশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সচিবসহ শীর্ষ কর্মকর্তারা আসা যাওয়া করেন। একবারও আমাদের দুঃখ-দুর্দশা দেখতে আসেননি তারা।

আরও পড়ুন

×