ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

'অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত হওয়ায় অসুস্থ রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠছে'

'অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত হওয়ায় অসুস্থ রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠছে'
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ১১:১৩

নাগরিক ও রাজনৈতিক অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত হওয়ার কারণে বর্তমানে অসুস্থ রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ঠজনরা।

তারা বলেন, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের ইউনিভার্সেল পিরিওডিক রিভিউয়ে (ইউপিআর) ২০১৮ পরবর্তী এক বছরে সরকারের অগ্রগতি পর্যবেক্ষণ আশানুরূপ নয়। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নাগরিক সংগঠনগুলোর সাথে এ নিয়ে কোনো আলোচনার উদ্যোগ আমরা দেখছি না।

ইউপিআর অঙ্গীকারসমূহ পূরণের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা: তৃতীয় পর্বের ইউপিআর সুপারিশসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।

আলোচনা শেষে ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে ইউপিআরের অঙ্গীকার বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য কয়েকদফা দাবি তুলে ধরা হয়।

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'ইউপিআরের এক বছর: আমরা কোথায় দাড়িয়ে?' শীর্ষক দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

এতে বিভিন্ন মানবাধিকারকর্মী, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতীয় প্রতিষ্ঠান এবং সরকারের সংশ্নিষ্ঠ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এইচআরএফবির আহবায়ক এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক শীপা হাফিজা। বিশেষ বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) নাহিদা সোবহান।

এরপর নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত প্রথম অধিবেশনে আসক নির্বাহী পরিষদের সেক্রেটারি জেনারেল তাহমিনা রহমানের সঞ্চালনায় প্রতিবেদন উপস্থাপন তামান্না হক রীতি।

অন্যান্যর মধ্যে আলোচনা করেন আসক নির্বাহী পরিষদের চেয়ারপারসন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট্র (ব্লাস্ট) এর অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।

সেমিনারের দ্বিতীয় অধিবেশনে অর্থনৈতিক ও সামাজিক অধিকার সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের মনজুরুল ইসলাম। আসক-এর সিনিয়র উপপরিচালক নিনা গোস্বামীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম।

সেমিনারের তৃতীয় অধিবেশনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় প্রতিবেদন উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এতে আলোচনা করেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কেএম সোহেল, জাতীয় মানবাধিকার কমিশন-এর সচিব হিরন্ময় বাড়ৈ, আসক নির্বাহী পরিচালক শীপা হাফিজা।


আরও পড়ুন

×