রোহিঙ্গাদের পরিচয়পত্র দেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০২:৪৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:৩৬
মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক গণহত্যা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিচয়পত্র দিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
বুধবার দুপুরে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে 'সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'নাগরিকত্ব শনাক্তকরণে রোহিঙ্গাদের যে আবেদনপত্র পূরণ করতে দেওয়া হয়েছিল, তাতে ভুল থাকার কথা স্বীকার করেছে মিয়ানমার। শনাক্ত হওয়া নাগরিকদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে মিয়ানমার।'
তিনি জানান, রোহিঙ্গা সংকট যে মিয়ানমারের তৈরি এবং এর সমাধান তাদেরই করতে হবে, সেই বিষয়টিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় সব দেশ মত দিয়েছে।
আবদুল মোমেন বলেন, 'জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায়।'
