কামরাঙ্গীরচরে কিশোরী গণধর্ষণের শিকার, বান্ধবীসহ গ্রেফতার ৩
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৯:১৬
রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় এক কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ওই কিশোরীর বান্ধবীও রয়েছে। সেই মেয়েটিকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যায়।
গ্রেফতার অপর দু'জন তাদের বন্ধু বলে জানা গেছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পল্লবীতে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সেলিম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
কামরাঙ্গীরচর থানার ওসি এবিএম মশিউর রহমান সমকালকে বলেন, ধর্ষণের শিকার কিশোরী ও গ্রেফতারকৃত তিনজনের বয়স ১৮ বছরের নিচে। তারা পরস্পর পরিচিত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ১১ অক্টোবর রাতে ধর্ষণের ঘটনা ঘটলেও মঙ্গলবার মামলা করে ভুক্তভোগীর পরিবার। পুলিশ দ্রুত জড়িতদের গ্রেফতার করে। এজাহারভুক্ত এক আসামি এখনও পলাতক।
জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর বাবা বেঁচে নেই; মা গৃহিণী। বোন এক টেইলার্সে কাজ করেন। ঘটনার রাতে ভুক্তভোগী মেয়েটির এক বান্ধবী তাকে বাসা থেকে ডেকে নবীনগর এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের তিন বন্ধু। তারা মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষকদের একজন অষ্টম শ্রেণিতে পড়ে।
এদিকে পল্লবীতে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-৪। স্বজনদের অভিযোগ, সেলিম শিশুটির পরিবারের ঘনিষ্ঠ। একই ভবনের আলাদা ফ্ল্যাটে থাকে তারা। সেই সুবাদে শিশুটির সঙ্গে তার পরিচয় ছিল। এই সুযোগে সে টানা দুই সপ্তাহ ধরে শিশুটিকে যৌন নিপীড়ন করে আসছিল। বিষয়টি জানতে পেরে স্বজনরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন।
এর পর মঙ্গলবার রাতে পল্লবীর ১০ নম্বর ঝুটপট্টি এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। সে শিশুটিকে নির্যাতনের কথা স্বীকার করেছে।
- বিষয় :
- কিশোরী গণধর্ষণের শিকার
- কামরাঙ্গীরচর
