ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ডিএসসিসি অফিসে অভিযান, দুদক কর্মকর্তার সামনেই ঘুষ দাবি

ডিএসসিসি অফিসে অভিযান, দুদক কর্মকর্তার সামনেই ঘুষ দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:৩৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:২৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও রাজস্ব অঞ্চল ও জন্মনিবন্ধন অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার দুদকের সহকারী পরিচালক খায়রুল হক এবং উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি দল ওই অভিযান চালায়। 

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানান, দু'জন ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ওই অভিযান চালানো হয়। এ সময় কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, দুদকের একজন কর্মকর্তা লাইনে দাঁড়িয়ে দেখতে পান, জন্মনিবন্ধন কার্ড করতে যাওয়া একজন আবেদনকারীর কাছে স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা অনৈতিক অর্থ দাবি করেন। কেন ওই অর্থ- জানতে চাইলে তারা বলেন, 'জন্মনিবন্ধন সনদ নিতে গেলে টিকা কার্ড বা হাসপাতালের জন্ম ছাড়পত্র জমা দিতে হয়। ওই সব কাগজপত্র তারাই তৈরি করে দেবেন। এ জন্য খরচ আছে।' পরে দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে উৎকোচ দাবি করা কর্মচারী ও দালালরা পালিয়ে যায়।

একইভাবে ট্রেড লাইসেন্স শাখায় গেলেও সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পায় দুদকের দল। কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও দালালচক্র সটকে পড়ে। 

দুদক কর্মকর্তারা ডিএসসিসির কর কর্মকর্তা আনোয়ার হোসেনকে বিষয়টি জানালে তিনি এসবের দায় নিতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন

×