ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শিশু লামিয়াকে অপহরণ করে আপন খালা, গ্রেফতার ২

শিশু লামিয়াকে অপহরণ করে আপন খালা, গ্রেফতার ২
×

মাহিমা আক্তার লামিয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:৪০ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:৪০

রাজধানীর ডেমরা এলাকা থেকে অপহৃত ৫ বছরের শিশু মাহিমা আক্তার লামিয়াকে বরগুনা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেফতার করা হয়েছে অপহরণে জড়িত দু'জনকে, যাদের একজন শিশুটির আপন খালা শাহিনুর আক্তার। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সে শাহীন হাওলাদারের সহায়তায় নিজের ভাগ্নিকে অপহরণ করে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম সমকালকে বলেন, বরগুনা সদরের ফুলঝুড়ি এলাকা থেকে সোমবার জড়িত দু'জনকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে একদিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেছে।

ডিবি সূত্র জানায়, ডেমরার নূর মসজিদ সংলগ্ন বাঁশেরপুল এলাকায় নানাবাড়িতে মা লাকী আক্তারের সঙ্গে থাকে লামিয়া। সে স্থানীয় মাদ্রাসায় প্লে-শ্রেণিতে পড়ে। 

গত ৭ অক্টোবর তাকে মাদ্রাসায় রেখে আসেন লাকী। কিছুক্ষণ পর তিনি খবর পান, খালা পরিচয় দিয়ে এক নারী কৌশলে লামিয়াকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় ডেমরা থানায় একটি জিডি করা হয়। এর মধ্যে অপহরণকারীরা লাকীর কাছে ফোন দিয়ে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে তাদের ১০ হাজার টাকা দেওয়া হয়। এসব বিষয় জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ডিবি।

লাকী আক্তার জানান, তার স্বামী বাহরাইন প্রবাসী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার হরিপুরে। ঘটনার দিন অপহরণকারীরা তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে মুক্তিপণ চায়। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত কিছু টাকা সংগ্রহ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেন। তবে অপহরণকারীরা পুরো টাকার জন্য চাপ দিতে থাকে। এর মধ্যে তিনি বিষয়টি পুলিশকে জানান। তারা বরগুনা থেকে লামিয়াকে উদ্ধার করে। অপহরণকারীদের একজন তারই আপন বোন দেখে বিস্মিত হয়েছেন বলেও জানান লাকী। এ ঘটনায় তিনি মঙ্গলবার ডেমরা থানায় মামলা করেছেন। শিশু লামিয়া ঘটনার ব্যাপারে আদালতে জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন

×