ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

২০২১ সালের মধ্যেই ফাইভজি চালুর লক্ষ্য: মোস্তাফা জব্বার

২০২১ সালের মধ্যেই ফাইভজি চালুর লক্ষ্য: মোস্তাফা জব্বার
×

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১২:০৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৩৬

২০২১ সালেই সরকার পঞ্চম প্রজন্মের প্রযুক্তিসেবা বা ফাইভজি চালু করতে চায় বলে জানিয়েছেন  ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আয়োজিত 'ফাইভজি ইন বাংলাদেশ' সেমিনারে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ২০২১ সালের শুরুতে ফাইভজি চালু করে ওই বছরের মধ্যেই এই সেবা সারাদেশে সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।

ফাইভজি চালুর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ফাইভজি চতুর্থ শিল্পবিপ্লবের মহাসড়ক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ফাইভজির মহাসড়ক যথাসময়ে নির্মাণ করা সম্ভব হবে কি-না। ফাইভজির চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। গাইডলাইন তৈরি করতে হবে। সবার মতামত নিয়ে এই নীতিমালা করতে হবে, যেন কোথাও কোনো সমস্যা না হয় এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়।

মন্ত্রী আরও বলেন, থ্রিজিতে কথা বলা যায় না, ফোরজির স্পিড মেলে না, টুজি নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না- মানুষের এমন অনেক অভিযোগ রয়েছে। একজন মন্ত্রী পর্যন্ত সংসদে দাঁড়িয়ে অপারেটরদের সেবার গুণগত মান নিয়ে সমালোচনা করেছেন। মোবাইল ও ইন্টারনেট সেবাদাতাদের যে গুণগত মানের সেবা দেওয়া উচিত ছিল, সে মানের সেবা দিতে এখনও সক্ষমতা দেখা যাচ্ছে না। এসব নিয়ে মানুষের অনেক অসন্তুষ্টি রয়েছে।

সেমিনারে আরও বক্তব্য দেন টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম, হুয়াওয়ে বাংলাদেশের সিটিও জেরি ওয়াং সু।

সেমিনারে টেলিযোগাযোগ খাতের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×