রাস্তায় পড়ে ছিল এইচএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৭:৫৯ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৭:৫৯
রাজধানীর সড়কে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র পাওয়া গেছে। বুধবার পথচারীরা উত্তরপত্রগুলো পাওয়ার পর কাফরুল থানায় বুঝিয়ে দেন। পরে পুলিশ উত্তরপত্রগুলো ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
কাফরুল থানা পুলিশ জানায়, সকালে মিরপুরের ১০ নম্বর গোল চত্বরে ঢাকা শিক্ষা বোর্ডের ৫০টি উত্তরপত্র পড়ে থাকতে দেখেন পথচারীরা। তারা সেগুলো থানায় নিয়ে আসেন।এরপর উত্তরপত্রগুলো ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। উত্তরপত্রগুলো চলতি বছরের এইচএসসির ইংরেজি ১ম পত্রের ছিল।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, উত্তরপত্রগুলো কাফরুল থানার মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
