জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রহমান খান মারা গেছেন
আবদুর রহমান খান- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৯:০৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৯:০৯
রেডিও তেহরান বাংলাদেশের ব্যুরো প্রধান আবদুর রহমান খান মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুর রহমান দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন। গত শনিবার ডাক্তারের পরামর্শে তাকে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। পর দিন অবস্থার অবনতি হলে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
মঙ্গলবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্ত্বরে মরহুমের পৃথক নামাজে জানাজা শেষে তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
প্রয়াত সাংবাদিক আবদুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ টাইমস, দ্য মর্নিং সান, ডেইলি ইন্ডিপেনডেন্ট, ডেইলি টেলিগ্রাফ ও সাপ্তাহিক হলিডে-তে কাজ করেছেন। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং জাতীয় পার্টি, ডিআরইউসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।
- বিষয় :
- আবদুর রহমান খান
- মৃত্যু
- সাংবাদিকের মৃত্যু