ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

'নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না'

ভেজাল পণ্য বন্ধে শুধু অভিযান নয়, সচেতনতাও জরুরি: স্পিকার

ভেজাল পণ্য  বন্ধে শুধু অভিযান নয়, সচেতনতাও জরুরি: স্পিকার
×

‌'নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না' সমকাল প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০১:৫৯ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০৮:১০

ভেজাল পণ্য বন্ধে শুধু অভিযান চালালে হবে না এজন্য সচেতনতাও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কনফারেন্স রুমে সমকালের আয়োজনে নকল বা অবৈধ পণ্যের বিরুদ্ধে 'নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না' শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধন ঘোষণা করে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ভেজাল পণ্য বন্ধে শুধু অভিযান পরিচালনা করলে হবে না; ভেজাল পণ্য বর্জনে সচেতনতা জরুরি, ক্যাম্পেইন করা জরুরি।

তিনি বলেন, সমকালের এ উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। ভেজাল পণ্য সরাসরি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। তাই এটাকে প্রধান গুরুত্ব দিয়ে ভেজাল পণ্য বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত।

স্পিকার আরও বলেন, নকল পণ্যের ব্যাপারে ভোক্তাকে আরও সচেতন করতে হবে। সচেতনতা তৈরি হলে ভোক্তা নিজেই নকল পণ্য কিনবেন না। নকল পণ্য ঠেকাতে সবার দৃঢ় প্রতিশ্রুতি থাকা দরকার। নকল পণ্য মোকাবিলায় নানা আইনি কাঠামো বিদ্যমান। তবে এসব আইন যথাযথভাবে কার্যকর করা জরুরি। যারা পণ্য উৎপাদন করছে, তারা পণ্যের গায়ে বিশেষ এমন কিছু ব্যবহার করতে পারে, যাতে ভোক্তা সহজেই দেখে বুঝতে কোনটা আসল আর কোনটা নকল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ক্যাব সভাপতি গোলাম রহমান, র‌্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, এনবিআর সদস্য মো. মেফতাহ উদ্দিন খান, বিএটি চেয়ারম্যান গোলাম মঈন উদ্দিন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি কেদার লেলে, জেসিআই ঢাকা নর্থের সহ সভাপতি নাহিদা আকতার প্রমুখ।

সমকালের এই প্রচারাভিযানে সহযোগী হিসেবে রয়েছে- বিএসটিআই, র‌্যাব, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার ও জেসিআই-নর্থকে। এই আয়োজনের টেলিভিশন পার্টনার চ্যানেল ২৪ এবং রেডিও পার্টনার ঢাকা এফএম।

আরও পড়ুন

×