ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

রাজধানীর ৭ হাজার ছিন্নমূল পরিবার পেল ঈদ উপহার

রাজধানীর ৭ হাজার ছিন্নমূল পরিবার পেল ঈদ উপহার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ১৮:৩১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ১৮:৩১

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ এলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ছিন্নমূল মানুষের ঘরে নেই কোনো আয়োজন। ছিন্নমূল এমন মানুষের ঘরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আবেদ মনসুর।

বুধবার তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও ভাসমান প্রায় সাত হাজার পরিবারের মাঝে উপহার হিসেবে চাল, আলু, ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, কিসমিস, বাদাম, গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন।

ভিক্ষুক জব্বার মিয়া (৫৭) বলেন, ' এবার ঈদে অহন পর্যন্ত কারও কাছ থেকে কোনো কিছুই পাই নাইক্যা, এইবার পয়লা কিছু পাইলাম, আল্লাহ স্যারগো বালা করুক।'

রিকশাচালক আব্দুস সালাম (৪৫) বলেন, 'ইশকা চালাইয়্যা যা পাই তাতে এবার ঈদে বাজার সদাই অহনো করা হই নাই। হুনলাম, ত্রাণ দিতাছে, লাইনে দাঁড়িয়ে এক ব্যাগ নিছি, ধন্যবাদ দেই তাগো।'

গৃহকর্মীর কাজ করেন ফরিদা বেগম (৪৫)। দুই মেয়ে আর এক ছেলে নিয়ে পাঁচ সদস্যের পরিবার তার। তিনি বলেন, 'দূর থ্যাইক্যা দেখলাম, মামারা খাওন দিতাছে, প্রতিবছর কেউ না কেউ দেয়। কিন্তু এইবার কারোডা পাই নাই। আইজক্যা প্রথম পাইলাম। ম্যালা বাঁচন বাঁচলাম।'

ঈদের উপহারসামগ্রী দুস্থ মানুষের হাতে তুলে দিতে পেরে খুশি এই কাজের প্রধান সমন্বয়ক ও সাবেক ছাত্রলীগকর্মী পরশ খান সাকিব। তিনি বলেন, 'সবার হাতেই ঈদ উপহার পৌঁছে দিতে পেরেছি। বাজারে জিনিসপত্রের দাম একটু বেশি, তাই উপহারগুলো পেয়ে তাদের উচ্ছ্বাসটাও তাদের বেশি দেখতে পেয়েছি।’ এ সময় তিনি সাত হাজার পরিবারের মাঝে উপহারসামগ্রী পৌঁছে দিতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।

ছিন্নমূল দুস্থ, অসহায় ও ভাসমান মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণের পৃষ্ঠপোষক ভিনাইল গ্রুপের সিইও এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আবেদ মনসুর বলেন, 'অনেক ছিন্নমূল পরিবার এখনো ঈদের কেনাকাটা করতে পারেনি। সব সময় তাদের পাশে থেকেছি।’ তিনি বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন। এছাড়া আমরা রমজান জুড়ে সেহরি ও ইফতার বিতরণও করেছি। সামনের দিনগুলোতেও যাতে অসহায়দের পাশে দাঁড়াতে পারি, এই কামনাই করছি।’

আরও পড়ুন

×