এডিস নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে বিএনসিসি ও স্কাউট
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩ | ২০:০০ | আপডেট: ১৭ মে ২০২৩ | ২০:০০
এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দলকে যুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে। ১ হাজার ৬০০ বর্গমিটার (৪০০ মিটার * ৪০০ মিটার) করে ছোট ছোট এলাকায় ভাগ করে তারা সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে।
বুধবার রাজধানীর মিরপুর-১ এর সনি সিনেমা হলের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বিএনসিসি ও স্কাউট দলের সদস্যদের নিয়ে একটি শোভাযাত্রায় অংশ নেন। সেখানে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।
ডিএনসিসি মেয়র বলেন, এখন বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। এই রোদ-বৃষ্টির জন্য আমাদের ক্যাম্পেইন শুরু করেছি। অন্যান্য সময় আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইন করি। আজ আমরা সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক প্রমুখ।
