ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গ্রেপ্তারের পর আলালের মৃত্যুতে এমএসএফের ক্ষোভ

গ্রেপ্তারের পর আলালের মৃত্যুতে এমএসএফের ক্ষোভ
×

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৭:০৯ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১৭:০৯

রাজধানীর তুরাগে এক নারী হত্যা মামলার সন্দেহভাজন আসামি আলাল উদ্দিন গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে মারা যাওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ ক্ষোভের কথা জানায়।

গত ৫ জুন রাতে রাজধানীর তুরাগের বাউনিয়া আদর্শপাড়ার একটি বাড়ির দোতলায় ফাতেমা আক্তার নামে এক নারী খুন হন। পরদিন সকালে বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়। আলাল ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন। তাঁর স্বজনদের দাবি, আলালকে জিজ্ঞাসাবাদের কথা বলে ৬ জুন রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গাড়িতে করে নিয়ে যায়। এরপর ১৬ জুন রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে আলালের মৃত্যুর খবর পান।

ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে এমএসএফ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, স্বজনদের প্রশ্ন সুস্থ আলালকে নিয়ে গেল পুলিশ। তাঁর হাত-পা ভাঙল কীভাবে, কিংবা কীভাবে তিনি মারা গেলেন।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা পুলিশ প্রায় দশ দিন আলালকে আটক রাখার পর ঘটনার যে বর্ণনা দিয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। হেফাজতে থাকা আলালের মৃত্যু একটি অমানবিক, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।


আরও পড়ুন

×