যুবদল নেতা রুবায়েদকে তুলে নেওয়ার অভিযোগ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৯:৪০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৯:৪০
রাজধানীর শ্যামলীর নিজ বাসার সামনে থেকে বুধবার খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী রুবায়েদকে আটকের তথ্য স্বীকার করেনি বলে সংবাদ সম্মেলনে জানান রুহুল কবির রিজভী।
তিনি বলেন, 'স্বামীর সন্ধানে রুবায়েদের স্ত্রী মহানগর ডিবি কার্যালয়ের সামনে আহাজারি করছেন। বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, রুবায়েদ ডিবির দপ্তরেই রয়েছে। কিন্তু এখনও বিষয়টি স্বীকার না করায় তার পরিবারের মধ্যে শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।'
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, মামলা, সুনির্দিষ্ট অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই গোয়েন্দা সংস্থার লোকজন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীকে যে কোনো সময় তুলে নিয়ে যাচ্ছে।
অবিলম্বে খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
