কারা অধিদপ্তরের শতাধিক স্থানে এডিসের লার্ভা
মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৮ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৮
রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের সদরদপ্তরে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়া গেছে। সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কারা অধিদপ্তরের সদর দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক পরিত্যক্ত পাত্র ও স্থানে এডিসের লার্ভা পাওয়া যায়। পরে এগুলো ধ্বংস করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, কারা কনভেনশন হল ও সংলগ্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকালে শতাধিক মাটি ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত পাত্র, ওয়ান-টাইম কাপ ও থালা, বাঁশের ফোকর, গাছের কোঠরে এডিসের লার্ভা পাওয়া যায়। পরে কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কারা কনভেনশন হল ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সকালে লার্ভিসাইডিং ও বিকালে এডাল্টিসাইডিং সম্পন্ন করেন করপোরেশনের পরিচ্ছন্ন ও মশককর্মীরা।
এসময় কারা অধিদপ্তরের ডেপুটি জেলার মোসফিকুল আলম, দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা কুদ্দুসুর রহমান খান, পরিচ্ছন্ন পরিদর্শক মোস্তফা হাসিবুল হাসান, মশক সুপারভাইজার মো. আরিফ, জেলখানা কম্পাউন্ড তত্ত্বাবধায়ক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া নগর ভবন থেকে কার্যক্রম তদারকি করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ছয়টি মামলায় মোট ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বনানী, মগবজার, মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় বাসাবাড়ি, বাণিজ্যিক ও নির্মাণাধীন ভবন, ফাঁকা প্লটে এ অভিযান চালনো হয়।
- বিষয় :
- কারা অধিদপ্তর
- এডিস মশার লার্ভা
- ডিএসসিসি
