রাজধানীতে পর্যটন মেলা শুরু, বিমানের টিকিটে ২০% ছাড়
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৮
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’। একই সঙ্গে প্রথমবারের মতো হচ্ছে ‘বাংলাদেশ পর্যটন উন্নয়ন সম্মেলন’।
মেলা উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘মেলা বিদেশি পর্যটক আকর্ষণে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ পর্যটন গন্তব্য হিসেবে এশিয়ায় অন্যতম জায়গা করে নিয়েছে। নিরাপত্তার ক্ষেত্রেও আমরা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছি।’
আয়োজকরা জানান, মেলায় ভারত, চীন, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, দুবাইসহ বিভিন্ন দেশের ৫০টি এবং দেশীয় শতাধিক পর্যটন সংস্থা অংশ নিয়েছে। প্রবেশমূল্য ৩০ টাকা। তবে অনলাইনে রেজিস্ট্রেশন করলে শিক্ষার্থীদের জন্য টাকা লাগবে না। প্রবেশ টিকিটের বিপরীতে র্যাফেল ড্র, এয়ারলাইন্স টিকিটসহ আকর্ষণীয় গিফট ভাউচার রাখা হয়েছে। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।
এদিকে, মেলায় আন্তর্জাতিক পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের টিকিটে ২০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ শাখা) তাহেরা খন্দকার জানান, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা ও ঢাকার যাত্রীদের জন্য জাপানের নারিতা পথে টিকিট কিনলে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সরাসরি মেলা থেকে এবং বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে প্রমোকোড ব্যবহার করে ৩০ সেপ্টেম্বর এ ছাড় পাওয়া যাবে।
এ ছাড়া মেলা চলাকালীন ঢাকা থেকে গুয়াংজু, আবুধাবি, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, ব্যাংকক, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু ফ্লাইটের টিকিট ১৫ শতাংশ ছাড়ে দিচ্ছে বিমান।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের হাইকমিশনার ঘনশ্যাম ভান্ডারী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মাদ জাবের, পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সামসুল আরেফিন, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সিদ্দিকুর রহমান প্রমুখ।
- বিষয় :
- এশিয়ান ট্যুরিজম ফেয়ার
- বিমানের টিকিট
