ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঘরে বসে থাকলে চলবে না, এখনই রাস্তায় নামার সময়: দুদু

ঘরে বসে থাকলে চলবে না, এখনই রাস্তায় নামার সময়: দুদু
×

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শামসুজ্জামান দুদু। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৯:০১ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৯:০১

বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের রাস্তায় নামতেই হবে। এ ছাড়া অন্য কোনো পথ নেই। ঘরে বসে থাকলে চলবে না। এখনই রাস্তায় নামার সময়। তবে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। নামলেই এ সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দ্রুত সুচিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তবে শান্তিপূর্ণভাবে কোনো কিছু হবে বলে আমার মনে হয় না।’

ভাইস চেয়ারম্যান বলেন, ‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, এটা প্রধানমন্ত্রী জানেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী যিনি তাঁর জীবনের কোনো নির্বাচনে হারেননি। তাঁর পরিবারের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আবেদন করা হয়। এটাই প্রথম আবেদন না, এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার। কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তা সরাসরি না করে দেন।’ 

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান সভাপ‌তি‌ত্বে ও সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীম এর সঞ্চালনায় মানববন্ধ‌নে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাস‌চিব আহসান হা‌বিব লিংকন প্রমুখ।

আরও পড়ুন

×