ফ্লাইট মিস, ক্ষুব্ধ হয়ে ট্রাভেল এজেন্সির মালিককে মারধর, পরে মৃত্যু
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৪:২৫ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৪:৪২
ফ্লাইট মিস হওয়ায় ক্ষুব্ধ হয়ে অফিসের ভেতরে স্বজনদের মারধরে এম বাহার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কাকরাইল শান্তিনগর প্লাজার পাঁচতলায় এম বাহার ওভারসিস (ট্রাভেল এজেন্সি) অফিসে এ ঘটনা ঘটে।
নিহত বাহারের স্ত্রী জয়নব বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শাখেরপুর গ্রামে। বাহারের বাবার নাম প্রয়াত আলি আহম্মেদ। বর্তমানে তারা এক সন্তান নিয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকেন।
নিহত বাহারের স্ত্রী বলেন, আমার স্বামীর শান্তিনগরে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আজ আমার ছোট বোনের জামাই জাকির হোসেনের কাতার যাওয়ার কথা ছিল। আমার স্বামী সব ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তারা বিমানবন্দর যেতে দেরি করায় ফ্লাইট ধরতে পারেননি। পরে তারা ক্ষিপ্ত হয়ে অফিসে এসে আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
তিনি আরও বলেন, আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। এজন্য অফিসে আসি। পরে আমার সামনেই আমার ছোট বোন ফাতেমা, তার স্বামী জাকির হোসেন ও ছোট ভাই ইউনুস আমার স্বামী বাহারের অফিসে এসে মারধর শুরু করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
রমনা থানার রমনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল উসমান মাসুম জানান, মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মারামারির ঘটনায় মারা গেছেন বাহার। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এসআই বলেন, বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
- বিষয় :
- রাজধানী
- শান্তিনগর
- ফ্লাইট মিস
- ট্রাভেল এজেন্সি
